মায়ামি: তাঁকে শেষবার জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলতে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। তারপর থেকে চোটের জন্য জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি নেইমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের (Neymar Jr)। অবশেষে মাঠে ফিরলেন তিনি। এক-আধদিন নয়, দীর্ঘ ৯৮১ দিন পরে। ব্রাজ়িলের জার্সিতে তাঁর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত সমর্থকেরা। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটেয় শুরু হওয়া ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেমার অবশ্য শুরু থেকে খেলেননি। নামলেন দ্বিতীয়ার্ধে। ম্য়াচ শেষ হতে তখন মিনিট দশেক বাকি।
তবে তার আগে জয় নিশ্চিত করে ফেলেছিল ব্রাজ়িল। নেপথ্যে ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। স্বপ্নের বিশ্বকাপ কাটছে তরুণ স্ট্রাইকারের। স্কটল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক তিনি। নাম তুলে ফেললেন রেকর্ডবুকে। স্কটল্যান্ডকে ৩-০ গুঁড়িয়ে বিশ্বকাপে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে নক আউটে গেল ব্রাজ়িল। একটি গোল করলেন কুনহা।
বিশ্বকাপে গ্রুপের তিনটি ম্যাচেই গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। ঢুকে পড়লেন এক বিরল তালিকায়। ব্রাজ়িলের চতুর্থ ফুটবলার হিসাবে বিশ্বকাপে পরপর তিন ম্যাচে গোল করলেন ভিনিসিয়াস। জ়েয়ারজ়িনহো, রোমারিও, রোনাল্ডো ও রিভাল্ডোর পরে। সেই সঙ্গে তিন ম্যাচে চার গোল করে চলতি বিশ্বকাপে ধরে ফেললেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হালান্ডকে। আর্জেন্তিনার লিওনেল মেসির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে তিনি। চলতি বিশ্বকাপে মেসি করেছেন ৫ গোল।
ম্যাচের শুরু থেকেই ছিল ব্রাজ়িলের দাপট। কিক অফের সাত মিনিটের মাথায় স্কটিশ ডিফেন্সের ভুলে বক্সের মধ্যে বল পেয়ে যান ভিনিসিয়াস। তিনকাঠি ভেদ করেন তিনি। গ্যালারিতে শুরু উৎসব। কয়েক মিনিট পরে ফের স্কটিশ ডিফেন্ডারের একইরকম ভুলে ফের বল ছিনিয়ে গোল করেন ভিনিসিয়াস। তবে ভার প্রযুক্তির সাহায্যে দেখা যায়, ফাউল করেছেন ভিনি। তাই সেই গোল বাতিল হয়।
ব্রাজ়িলের দ্বিতীয় গোলও ভিনিসিয়াসের। ব্রুনো গুইমারায়েসের ক্রসে হেড করে দ্বিতীয় গোল করেন তিনি। তৃতীয় গোলের নেপথ্যেও গুইমারায়েস। তিনি বক্সের মধ্যে বল বাড়ান ম্যাথিয়াস কুনহাকে। টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করলেন কুনহা।
ব্রাজ়িল কোচ কার্লো আন্সোলেত্তি ৮০ মিনিটের মাথায় মাঠে নামান ৩৪ বছর বয়সী নেইমারকে। দর্শকাসনে থাকা ৬৪,৪৭৮ জনের জয়োল্লাসই বুঝিয়ে দিচ্ছিল, নেইমারকে মাঠে দেখতে কতটা মুখিয়ে ছিলেন তাঁরা। নেইমার অবশ্য একটা ফ্রি কিক আদায় ছাড়া বলার মতো কিছু করেননি ম্যাচে।
গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে ৪-২ হারিয়েছে মরক্কো। দুই দলের পয়েন্ট সমান। মুখোমুখি সাক্ষাতে ব্রাজ়িল-মরক্কো ড্র হয়েছিল। গোলপার্থক্যে গ্রুপে শীর্ষস্থান পেয়েছে ব্রাজ়িল।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
