Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার


নিউ ইয়র্ক: কম্বাট স্পোর্টসের ইতিহাসে সর্বকালীন সেরাদের প্রসঙ্গ উঠলে ব্রক লেসনারের (Brock Lesnar) নাম উঠে আসতে বাধ্য। পেশাদার রেসলিং হোক বা এমএমএ, ব্রক সর্বত্রই নিজের আধিপত্য স্থাপন করেছেন, টাইটেল জিতেছেন। সেই ব্রক লেসনারই অবসর ঘোষণা করলেন। 

১ অগাস্ট সামারস্ল্য়ামে ওবা ফেমির বিরুদ্ধে পরাজিত হন ব্রক লেসনার। ম্যাচশেষে ব্রককে বেশ খানিকটা আবেগঘনই দেখাচ্ছিল। সেই ম্যাচই ব্রকের কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল। মঙ্গলবার ESPN-র এক শোয়েই ব্রক নিজের অবসরের কথা ঘোষণা করেন। সেখানেই ৪৯ বছর বয়সি রেসলারকে ঘোষণা করেন উঠতি নাইজেরিয়ান তারকা ওবা ফেমির বিরুদ্ধে ম্যাচই তাঁর শেষ ম্যাচ। 

ব্রক এ বছর রেসেলমেনিয়াতেও ওবা ফেমির বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন। তারপরেই রিংয়ে নিজের দস্তানা ও বুট জোড়া রেখে গিয়েছিলেন ব্রক। সকলেই মনে করেছিল সেটাই হয়তো ব্রকের শেষ ম্যাচ। তিনি নিজেও তেমনটাই মনে করেছিলেন বলে খোলসা করেন ব্রক। তবে পরবর্তীতে তিনি মে মাসেই রিংয়ে ফিরে ২৮ বছর বয়সি ওবা ফেমিকে ক্ল্যাশ ইন ইটালিতে পরাজিত করেন। তবে তারপরে ফের একবার সামারস্ল্যামে হেল ইন আ সেল ম্যাচে পরাজিত হতে হয় ব্রককে। এবার আর পরাজয়ের পর তিনি ফিরছেন না।

আরও পড়ুন:- ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে? 

সেই ম্যাচশেষেই ওবা ফেমিকে ডব্লুডব্লুই ভবিষ্যৎ বলে ঘোষণা করে ব্রক নিজেকে অতীত বলে জানান। তারপরে ESPN-র শোয়ে ব্রককে বলতে শোনা যায়, ‘আমি আজ এখানে বিশ্বকে এটা জানাতে এসেছি যে আমি অবসর নিয়েছি। শনিবারটা আমার জন্য অত্যন্ত আবেগঘন, খানিকটা অদ্ভুতই ছিল। ওবা ফেমি আমায় রেসেলমেনিয়াতে হারানোর পরেই আমার মনে হয়েছিল যে আমার পক্ষে আর এটা করা সম্ভব নয়। মনে হয়েছিল আমার সময় শেষ। তবে আমায় ডাকা হয় এবং আমারও মনে হয়েছিল আমার হয়তো কিছু শক্তি বাকি রয়েছে। শনিবারই ব্রক লেসনারের ইতি ঘটেছে। চৌকো রিংয়ে এবং সবক্ষেত্রে এটাই আমার সমাপ্তি।’ 

ব্রক লেসনারের অবসরে এক বর্ণময় এবং অত্যন্ত সফল কেরিয়ারের ইতি ঘটল। ২০০২ সালে রককে হারিয়ে প্রথমবার ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন হওয়া, ২০০৮ সালে চতুর্ত বাউটেই কৌতুরেকে হারিয়ে উএফসির হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া থেকে রেসেলমেনিয়া ৩০-এ প্রথম রেসলার হিসাবে আন্ডারটেককে এই বড় শোয়ে হারানো, ব্রক লেসনারের কেরিয়ারে সাফল্য, খ্যাতির শিখরে পৌঁছেছিল। এবার সেই থেকে দূরে সরে দাঁড়ালেন তিনি। অবসর নিলেন সর্বকালীন এক কিংবদন্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *