
মহার্ঘভাতা নিয়ে একটি মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্নর। সরকারি কর্মচারীদের ‘প্রিভিলেজড ক্লাস’ বলে উল্লেখ করলেন তিনি। দায়বদ্ধতার প্রশ্নকে মাথায় রেখে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া উচিত বলেও মন্তব্য করলেন।

সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বকেয়া রাখা নিয়ে পঞ্জাবের মুখ্যসচিবের বিরুদ্ধে মামলার শুনানি চলছিল। বকেয়া DA মেটানোর মতো পর্যাপ্ত টাকা নেই বলে রাজ্যের তরফে যে যুক্তি দেওয়া হয়, তা আদালতে তুলে ধরেন সরকারী কর্মীরা।

সরকারি কর্মচারীদের দাবি ছিল, জনমোহিনী প্রকল্পে বিপুল টাকা ব্যয় করছে রাজ্য সরকার। Freebies দিতে পিছপা হয় না কখনও। শুধু সরকারি কর্মীদের DA-র বেলাতেই তহবিলে ঘাটতির কথা বলা হয়।

বিচারপতি নাগরত্ন এবং আর মহাদেবনের সামনেও একই প্রসঙ্গ তোলেন সরকারি কর্মচারীরা। পঞ্জাব সরকারের জনমোহিনী প্রকল্প, Freebies বা খয়রাতির দিকে ইঙ্গিত করেন।

এতে বিচারপতি নাগরত্ন বলেন, “বিবাদী পক্ষ যে দাবি তুলে ধরছেন, তাঁরা আসলে সুবিধাভোগী শ্রেণি। জনমোহিনী প্রকল্প এবং খয়রাতির সুবিধা যাঁরা পান, তাঁরা প্রান্তিক জনগোষ্ঠী।”

বিচারপতি নাগরত্ন আরও বলেন, “এখন থেকে সরকারি কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া উচিত। তবেই দায়বদ্ধতা তৈরি হবে তাঁদের মধ্যে। দিনে তিন পৃষ্ঠা টাইপ করেন। বিচার বিভাগে কাজ করার আগ্রহ নেই তাঁদের। হাইকোর্ট বা জেলা আদালতে নিয়োগ পেলেও সচিবালয়ে চলে যান। সেখানে তাঁদের কাজ দিনে তিন পৃষ্ঠা টাইপ করা।”

এর পর সিনিয়র আইনজীবী দেবদত্ত কামাত আদালতে জানান, সরকারি কর্মচারীদের মধ্যে প্রচুর পরিশ্রমী মানুষ রয়েছেন। সকলকে এক গোত্রে ফেলা যায় না। এতে বিচারপতি নাগরত্ন পাল্টা বলেন, “সরকারি কর্মচারীরা এত আন্তরিক হলে দেশের মামলার সংখ্যা কমে আসত।”

রাজ্য সরকারের আদর্শ নিয়োগকর্তার মতো আচরণ করা উচিত বলে এর পর মন্তব্য করেন দেবদত্ত কামাত। এতে সরকারি কর্মচারীদের জবাবদিহিতার প্রশ্ন তুলে ধরেন বিচারপতি নাগরত্ন। তিনি বলেন, “সরকারি কর্মচারীদের মৃত্যু হলে তাঁদের পরিবার পেনশন পায়। তা নিয়ে কেউ আপত্তি করেছে কি?”

বিচারপতি নাগরত্ন আরও বলেন, “আপনাদের নিজেদের লোকেরাই পেনশনে বাধা সৃষ্টি করছে। সর্বত্র আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতি। সরকারি কর্মচারীদের দায়বদ্ধতা কোথায়?”

পঞ্জাবের মুখ্যসচিবের বিরুদ্ধে আইনি কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। জানানো হয়, এই ধরনের চাপসৃষ্টির কৌশল সমর্থন করে না আদালত। মুখ্যসচিবকে কাঠগড়ায় তোলা যায় না এভাবে। তথ্যসূত্র: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি #DA #SupremeCourt বিশদ পড়ুন কমেন্টে
Published at : 07 Nov 2026 08:30 PM (IST)
