FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ


নয়াদিল্লি: আজ থেকে ঠিক নয় বছর আগে ভারতে বসেছিল অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই দলের ফিল ফডেন, জেডন স্যাঞ্চোর মতো তরুণরা অনেকেই এবারের বিশ্বকাপে সুযোগ পাননি। তবে সেইদিনের এমন একগুচ্ছ তরুণ রয়েছেন যাঁরা বর্তমানে এই বিশ্বকাপে জাতীয় দলের জানপ্রাণ। ফ্রান্স, ইংল্যান্ড, আলজিরিয়া থেকে জাপান, হাইতি, ভারতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা বহু তারকা বিভিন্ন দলের হয়ে এই বিশ্বকাপে খেলছেন। সংখ্যাটা সব মিলিয়ে মোট ১৮।

২০১৭ সালের বিশ্বকাপে গুয়াহাটিতে জাপানের প্রথম ম্য়াচেই প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন এক তরুণ, তাঁর নাম কেইতো নাকামুরা। সেই নাকামুরা এখন জাপান দলের নিয়মিত সদস্য। আপাত অর্থে পরিসংখ্যানের নিরিখে দেখতে গেলে তাঁর অবদান এই বিশ্বকাপে সবথেকে বেশি। তিনি ইতিমধ্যেই এই বিশ্বকাপে সামুরাইয়ের দেশের হয়ে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও প্রদান করেছেন।

জাপানের হয়েই কিন্তু উল্লেখ্যযোগ্যভাবে ওই বিশ্বকাপের থেকে সবথেকে বেশি খেলোয়াড় এবারের বিশ্বকাপ মাতাচ্ছেন। নাকামুরা বাদেও সেই জাপান দলের অংশ ছিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ, তথা বার্সেলোনার অ্যাকাডেমির হয়ে খেলা তাকেফুসা কুবো। বিশ্ব ফুটবলে দীর্ঘদিন ধরেই অত্যন্ত প্রতিভাবান ফুটবলার হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে। এছাড়াও জাপানের গোলরক্ষক জ়িয়ন সুজ়ুকি, ইয়ুকিনারি সুগাওয়ারা এবং আয়ুমু সেকো সেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপ, দুইয়েরই অংশ।

ফ্রান্সের হয়ে নরওয়ে ম্য়াচে রক্ষণভাগে মাঠে নামেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ম্যাক্সেন্স লাখোয়াঁ। তাঁর পাশাপাশি রিয়াল মাদ্রিদ তারকা মিডফিল্ডার অরিলিয়েম চুয়ামেনিও এই ম্যাচ খেলেন। তিনি ফ্রান্সের মাঝমাঠের বড় ভরসা। এই দুই পরিচিত তারকাই ভারতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলে গিয়েছেন। সেই বিশ্বকাপ খেলে গিয়েছেন বার্সোলোনা তথা স্পেন ফরোয়ার্ড ফেরান তোরেসও। চলতি বিশ্বকাপে একাধিক বড় সুযোগ নষ্ট করে তিনি কটাক্ষের শিকার হলেও, ইতিমধ্যেই লা রোহার হয়ে সর্বকালের সর্বাধিক গোলসংগ্রাহকদের অন্যতম তিনি। আরেক বার্সা তারকা এরিক গার্সিয়াও সেইবার তরুণ স্পেন দলের অঙ্গ ছিলেন।

যুক্তরাষ্ট্রের হয়ে খেলা প্রাক্তন বার্সেলোনা ফুলব্যাক সার্জেনিও ডেস্ট এবং ব্যালন ডি’অর বিজয়ী জর্জ ওয়েয়ারা পুত্র টিমোথি ওয়েয়া সেই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন। ইংল্যান্ড দলে ফিল ফডেন, স্যাঞ্চোদের জায়গা না হলেও, সেই বিশ্বকাপের অঙ্গ, ম্যান সিটি ডিফেন্ডার মার্ক গেহি রয়েছেন। এছাড়াও আইভরি কোস্টের সেকো ফোফানা, আলজিরিয়ার আমিন গৌরি, হাইতির উইলসন ইসাডর, তুর্কির ইয়ুনুস অ্যাকগুন, নিউজ়িল্যান্ডের বিল জাস্ট, লিবারেটো কাকাসে ২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ এবং এবারের বিশ্বকাপ, দুইয়ের অঙ্গ। সব মিলিয়ে বলা বাহুল্য ওই বিশ্বকাপে ভারতের হয়ে একমাত্র গোলদাতা জিকসন সিংহ যেখানে বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলছেন, সেখানে আরও বহু ফুটবলারই সেই বিশ্বকাপের নয় বছর পর আজকের দিনে নিজেদের সিনিয়র জাতীয় দলের সুপ্রতিষ্ঠিত তারকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *