Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন


নয়াদিল্লি: ভোটচুরির অভিযোগে উত্তাল গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠছে। গাঁধী জয়ন্তীতে সেই নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি। তাদের সমর্থনে এবার এগিয়ে এলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। ককরোচদের সাফল্যকামনা করলেন। (Sonam Wangchuk)

পদত্যাগের জন্য জ্ঞানেশকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে এখনও পর্যন্ত পদত্যাগ করেননি জ্ঞানেশ। কেন্দ্রের তরফে তেমন কোনও ইঙ্গিতও মিলছে না। তাতেই পথে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি। এবারে আন্দোলনস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে মুম্বইকে। তবে দেশের অন্যত্রও আন্দোলন ছড়িয়ে পড়বে বলে মিলছে ইঙ্গিত। (Gyanesh Kumar Resignation Demands)

আর সেই আবহেই অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের সমর্থনে মুখ খুললেন সোনম। তিনি বলেন, “দেশের স্বার্থে নির্বাচনী প্রক্রিয়াকে আবর্জনামুক্ত করা অবশ্য প্রয়োজন। আমি সম্পূর্ণ ভাবে সমর্থন করছি।” দায়বদ্ধতা তৈরি করার ক্ষেত্রে, নির্বাচনী প্রক্রিয়াকে কালিমামুক্ত রাখতে আন্দোলন জরুরি বলে মনে করছেন তিনি।

এর আগে, NEET আন্দোলনের সময় ককরোচ জনতা পার্টির মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন সোনম। একটানা অনশন চালিয়ে যান ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। জ্ঞানেশের ইস্তফার দাবিতেও কি একই ভূমিকায় দেখা যাবে তাঁকে? সোনম জানিয়েছেন, তিনি সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। তবে পূর্ণ সমর্থন আছে তাঁর। 

অনলাইন মুভমেন্ট থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ককরোচ জনতা পার্টির প্রশংসাও করেন সোনম। তাঁর বক্তব্য, “ব্যক্তিগত ভাবে এই মুহর্তে কোনও আন্দোলনে অংশ নিতে পারছি না আমি। তবে আমি প্রাথমিক সমর্থন জানাচ্ছি। যন্ত্রর মন্তরে CJP-কে পূর্ণ সমর্থন করেছিলাম। সেই সময় ওরা দুর্বল ছিল। এখন ওদের কণ্ঠ অনেক দৃঢ়। ওদের কণ্ঠস্বর গোটা দেশকে নাড়িয়ে দেবে আশা রাখছি। এখন অনেক মানুষ এগিয়ে এসেছেন। নির্বাচন কমিশনারের বিষয়টিতে আমাকে প্রয়োজন পড়বে না আশাকরি।”

২ অক্টোবর গাঁধী জয়ন্তীতে আন্দোলনে নামার সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন সোনম। মহাত্মা গাঁধীর জন্মদিনের মতো পবিত্র দিনে আন্দোলনে নামার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *