কলম্বো: তাঁর প্রশিক্ষণে প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। কলম্বোয় রবিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ড্র করলে বা জিতলে সিরিজ জিতবে ভারত। গৌতম গম্ভীর কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর সেটাই হবে বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।
গুরু গম্ভীরের প্রশিক্ষণে ভারতের টেস্ট রেকর্ড
- বনাম বাংলাদেশ (দেশে) – ২ জয়, ০ ড্র, ০ পরাজয়
- বনাম নিউজ়িল্যান্ড (দেশে) – ০ জয়, ০ ড্র, ৩ পরাজয়
- বনাম অস্ট্রেলিয়া (বিদেশে) – ১ জয়, ১ ড্র, ৩ পরাজয়
- বনাম ইংল্যান্ড (বিদেশে) – ২ জয়, ১ ড্র, ২ পরাজয়
- বনাম ওয়েস্ট ইন্ডিজ় (দেশে) – ২ জয়, ০ ড্র, ০ পরাজয়
- বনাম দক্ষিণ আফ্রিকা (দেশে) – ০ জয়, ০ ড্র, ২ পরাজয়
- বনাম আফগানিস্তান (দেশে) – ১ জয়, ০ ড্র, ০ পরাজয়
- বনাম শ্রীলঙ্কা (বিদেশে) – ১ জয়, ০ ড্র, ০ পরাজয় (১ টেস্ট এখনও বাকি)
গম্ভীর নিজে জানিয়েছেন যে, কোনও একটা ম্যাচের ব্যর্থতা বা সমালোচনায় চিন্তিত হওয়ার চেয়েও তাঁর কাছে বেশি জরুরি দীর্ঘকালীন ভিত্তিতে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে এগিয়ে চলা। বিরাট কোহলি, রোহিত শর্মা ও আর অশ্বিন – টেস্ট থেকে তিন মহারথীর অবসর সামলে উঠতে যে সময় লাগবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ। নতুন প্রজন্মকে তৈরি হওয়ার পর্যাপ্ত সুযোগ দিতে চান গম্ভীর।
টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল ব্যাটিং অর্ডারে চার নম্বরে জায়গা পাকা করে নিয়েছেন। তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কল সুযোগ পেয়েই নজর কেড়েছেন। বাঁহাতি স্পিনার মানব সুতার গল টেস্টে ১০ উইকেট নিয়ে নজর কেড়েছেন। যেটা ঠিল তাঁর কেরিয়ারে দ্বিতীয় টেস্ট ম্যাচ। গম্ভীর বিশ্বাস করেন, প্রতিষ্ঠিত হওয়ার জন্য তরুণদের একটু সময় দরকার। দু-একটা পারফরম্যান্স দেখে তাঁদের জরিপ করার পক্ষপাতী নন তিনি।
তবে দুই নয়, তিন টেস্টের সিরিজের পক্ষপাতী বলে জানিয়েছেন গম্ভীর। তাঁর মতে, তিন টেস্টের সিরিজই আদর্শ ফর্ম্যাট। গম্ভীর বলেছেন, ‘তিন টেস্টের সিরিজ হচ্ছে আদর্শ। তাতে সূচি কঠিন হলেও ঠিক আছে। আমরা জানি কীভাবে শরীর ঠিক রেখে তরতাজা থাকতে হয়। আমরা ঐচ্ছিক প্র্যাক্টিস রাখি ও বোলারদের বিশ্রাম দিই। তিন টেস্ট ম্যাচের সিরিজই আদর্শ। আমি সব সময়ই চাই তিন ম্যাচের টেস্ট সিরিজ হোক। কারণ প্রথম টেস্ট হেরে গেলে অন্য দলের ঘুরে দাঁড়ানো সম্ভব হয় না একমাত্র সিরিজ ড্র করা ছাড়া।’
