Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের


মুম্বই: গত বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল (Indian Cricket Team)। এবারেও ভারত এখনও খেতাবি লড়াইয়ের দৌড় থেকে ছিটকে না গেলেও, ভারতের পথ বেশ কঠিন। সেই কারণেই আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ় (IND vs NZ) ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সিরিজ়ের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

TOI-র রিপোর্ট অনুযায়ী, গুয়াহাটিতে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে অজিত আগরকর-ব্যতীত নির্বাচকমণ্ডলীর বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে আসন্ন নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজ়ের কথা মাথায় রেখে যে সকল ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে খেলবেন, তাঁরা রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করবেন। এই তালিকায় টেস্ট অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক কেএল রাহুলের মতো টেস্ট খেলা সকল সিনিয়র খেলোয়াড়ই থাকবেন।

এই বিষয়ে অবগত এক সূত্র TOI-কে জানান, ‘ওরা কতগুলি ম্যাচ খেলবে  সেটা ওদের ওয়ার্কলোড এবং আসন্ন ম্যাচগুলির কথা মাথায় রেখে মেডিক্যাল দলের ছাড়পত্রের উপর নির্ভরশীল। আমাদের এটা মাথায় রাখতে হবে যে বেশ কিছু ক্রিকেটার দুই ফর্ম্যাটে খেলেন। সেইসব দেখেশুনেই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে ওরা খেলবে। কোনও মেডিক্যাল বা ওয়ার্কলোড সংক্রান্ত সমস্যা না থাকলে অধিনায়কসহ সকল সিনিয়র অন্তত একটি ম্যাচ খেলবেই।’

আরও পড়ুন:- টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পাঁচে, তাও ফাইনালে পৌঁছনোর বিষয়ে ইতিবাচক ভারতীয় কোচ গম্ভীর 

৩ অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শেষ হয়ে যাবে। তারপরে ৬ অক্টোবর থেকে ১৭ অক্টোবর টি-২০ সিরিজ় আয়োজিত হবে। নিউজ়িল্যান্ড সিরিজ়ও টি-২০ ফর্ম্যাট দিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হবে। আবার ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফি শুরু হচ্ছে। তাই যাঁরা টি-২০ সিরিজ়ে খেলবেন না, তাঁদের রঞ্জি ট্রফিতে খেলে লাল বলের প্রস্তুতি সারার কথা ঠিক করা হয়েছে। তার জন্য যথেষ্ট সময়ও পাবেন তাঁরা।

শুভমন গিলরা টি-২০ খেলেন না। তবে যশপ্রীত বুমরা খেলেন। তাঁকে কি ঘরোয়া ক্রিকেটে রঞ্জিতে খেলতে দেখা যাবে? বুমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দলে সুযোগ পেলেও, চোটের কারণে সেই সিরিজ়ে খেলতে পারেননি। সেই গত বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ লাল বলের ক্রিকেট খেলেছিলেন বুমরা। তাই নিউজ়িল্যান্ড সিরিজ়ের আগে তিনিও যেন লাল বলের ক্রিকেট খেলেন, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে বলে খবর। সেক্ষেত্রে বুমরা ঘরোয়া ক্রিকেটে গুজরাতের হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারেন। অথবা বুমরাকে নিউজ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়েও খেলার জন্য ডেকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বুমরা অবশ্য কয়েকটি টি-২০ ম্যাচ মিস করবেন।  

এছাড়া দীর্ঘ চোট সারিয়ে ইরানি ট্রফির মাধ্যমে লাল বলের ক্রিকেটে ফেরা আকাশ দীপ এবং ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ কুমার রেড্ডির দিকেও নির্বাচকরা নজর রাখবেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *