কলকাতা: পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে জঙ্গি জাল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে NIA বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গোয়েন্দা সংস্থার সন্দেহ পশ্চিমবঙ্গে জাল ছড়িয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত – উল – মুজাহিদিন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, মোট ৫ জায়গায় এই সন্দেহে তল্লাশি চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, পূর্ব বর্ধমান বা ডায়মন্ড হারবারে অভিযানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
জামাত – উল – মুজাহিদিন জন্ডি মডিউলের নির্দিষ্ট একটি জঙ্গি মডিউল IMK। আর তাদের খোঁজেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত গুয়াহাটিতে রেজিস্টার্ড হওয়া একটি FIR-এর পরিপ্রেক্ষিতে এই তল্লাশি চলছে। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের দুটি জায়গায়, পূর্ব বর্ধমানে, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর সহ মোট ৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে এই জাতীয় গোয়েন্দা সংস্থা।
জানা যাচ্ছে, জামাত – উল – মুজাহিদিনের মাথায় যে সব জঙ্গিরা রয়েছে, তারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে IMK-এর সংগঠনকে আরও বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে গুয়াহাটি থেকে বেশ কিছু মানুষকে গ্রেফতার করা হয়। আরও বেশ কিছু তথ্য জানা যায়। আর সেই সূত্র ধরে দেখা যাচ্ছে তাদের জাল পশ্চিমবঙ্গেও ছড়িয়ে থাকতে পারে।
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের এক যুবকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে নিয়া। ওই যুবকের পরিবারের সদস্যরা অবশ্য বলছে সে নাকি UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও পুলিশের দাবি ওই যুবকের বেশ কিছু কার্যকলাপ, কথাবার্তা বা তার কিছু বিষয়ে সন্দেহ হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। আর সেই সব বিষয় যাচাই করার জন্যই চলছে তল্লাশি অভিযান।
পশ্চিমবঙ্গের এই ৫ জায়গা ছাড়াও আসামের কিছু জায়গায় চলছে তল্লাশি অভিযান। এই জঙ্গি মডিউল নিয়ে প্রথমে তথ্য পায় স্থানীয় পুলিশ। তারপর এই বিষয়টি হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এর আগে আসামের একটি মামলার প্রেক্ষিতেও নাম উঠেছিল জামাত – উল – মুজাহিদিনের। সেই সময়ও পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় জানা যায়, আসামে যেমন এই জামাত – উল – মুজাহিদিন সক্রিয় রয়েছে, সেই একই ভাবে তারা পশ্চিমবঙ্গেও সক্রিয় হচ্ছিল। এমনকি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও নাম তুলে ফেলেছিল বেশ কিছু ব্যক্তি।
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
