
হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। ৩১ জুলাই আপনার আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন। আপনি যদি এখনও ফাইল না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করুন এই কাজ। কারণ, তারিখ চলে গেলে দিতে হবে লেট ফাইন। কিন্তু অনেকের মনে প্রশ্ন ITR ফাইলিং-এর তারিখ কী বাড়বে ? ৩১ জুলাই-এর পরিবর্তে আরও একটি মাস বাড়ান হবে ?

আয়কর বিভাগ জানিয়েছে যে, তাদের ই-ফাইলিং সিস্টেমটি একদিনে ১ কোটি পর্যন্ত আইটিআর ফাইল প্রক্রিয়া করার জন্য কতটা কার্যকর তা পরীক্ষিত হয়েছে।

ফাইলিংয়ের ব্যস্ততম সময়ে, পোর্টালটি ইতিমধ্যেই প্রতিদিন ১.৬১ কোটি লেনদেন সম্পন্ন করেছে। যার মধ্যে রিটার্ন ফাইল, লগইন, চালান পরিশোধ এবং ফর্ম ২৬এএস পরিষেবা অন্তর্ভুক্ত।

তবে এবারের মূল্যায়ন বর্ষের (Assessment Year 2026-27) শেষ তারিখ নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে। অনেকেই ভাবছেন, ITR জমা দেওয়ার সময়সীমা ফের বাড়ানো হয়েছে! কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়।

কেন্দ্র সরকার এখন পর্যন্ত সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনার ইঙ্গিত দেয়নি। উল্টোদিকে অর্থ মন্ত্রক অন্য একটি কথা জানিয়েছে।

অর্থ মন্ত্রক সংসদকে জানিয়েছে যে, আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালটি শেষ মুহূর্তের ট্রাফিক সামলাতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এর থেকে বোঝা যায় যে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত করদাতাদের আর কোনও সময়সীমা বৃদ্ধির আশা করা উচিত নয়।

যদিও বিগত ছয়টি মূল্যায়ন বর্ষের মধ্যে পাঁচটিতেই আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছিল। বেশ কিছু কারণ ২০২৬ সালকে অন্যভাবে দেখা হচ্ছে। সরকার ইতোমধ্যেই করদাতাদের একটি অংশকে স্বস্তি দিয়েছে। যেসব ব্যক্তি ব্যবসা বা পেশাগত আয়সহ ITR-3 বা ITR-4 দাখিল করেন এবং যারা কর নিরীক্ষার আওতাধীন নন, তারা ইতিমধ্যেই ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত বর্ধিত সময়সীমা পেয়েছেন। ফলে, ৩১ জুলাইয়ের সময়সীমাটি এখন মূলত ITR-1 এবং ITR-2 দাখিলকারী করদাতাদের জন্য প্রযোজ্য।

আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মূল্যায়ন বর্ষের জন্য ইতিমধ্যেই চার কোটিরও বেশি করদাতা তাঁদের রিটার্ন দাখিল করেছেন। প্রতি বছরের মতো এবারও অনলাইন পদ্ধতিতে রিটার্ন জমা দেওয়ার প্রবণতা বেড়েছে।

তবে ৩১ জুলাই-এর মধ্যে যদি ITR ফাইল না করেন এবং এই কাজটি পরে করেন তবে গুনতে হবে আপনাকে মোটা টাকা। সরকার আপনার থেকে নেবে লেট-ফী। কত টাকা গুনতে হবে?

আপনার যদি পুরো অর্থবর্ষে ইনকাম ৫ লাখ টাকার বেশি না হয়, তাহলে এই লেট ফি ১০০০ টাকা হবে। যাদের আয় এই নির্দিষ্ট আয়ের বেশি তাদের ৫ হাজার টাকা আয়কর রিটার্ন ফাইলের জন্য লেট ফি দিতে হবে।
Published at : 31 Jul 2026 06:26 PM (IST)
