Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?


কলকাতা: বলিউড তারকাদের অনেকেই কলকাতা (Kolkata) সফরে এলে যেমন রসগোল্লা, মিষ্টি দই এর খোঁজ করেন, তেমনই আবার কেউ কেউ তিলোত্তমায় এলে পৌঁছে যান দক্ষিণেশ্বরে, মা ভবতারিণীর দর্শনের জন্য। সেই চেনা ছবিই আবারও একবার ধরা পড়ল। কলকাতায় পা রেখে শুক্রবার সকাল সকাল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol) পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে (Dakshineswar Kali Temple)। সেখানে তিনি দিলেন মায়ের পুজোও।

জানা গিয়েছে, একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই শহরে এসেছেন বলিউডের এই অভিনেত্রী। তবে নিজের পেশাদার ব্যস্ততার মাঝে ঢোকার আগেই একটু সময় বের করে পৌঁছে গেলেন মা ভবতারিণীর কাছে। এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে মা ভবতারিণীর গর্ভগৃহে গিয়ে পুজো দেন কাজল। তাঁর পরনে ছিল লাল রঙের কো-অর্ড ড্রেস। আর চোখে ছিল সানগ্লাস। মন্দির চত্বরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে পুজো দেন কাজল। মায়ের পুজোর জন্য কাজলের হাতে ডালা ও শাড়িও দেখা যায়।  

প্রসঙ্গত, কলকাতার সঙ্গে কাজলের যোগসূত্র দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার কাজের সূত্রে এই শহরে এসেছেন তিনি। এ ছাড়া কাজলের জন্ম ও বেড়ে ওঠা মুম্বইতে হলেও, তিনি আদ্যোপান্ত এক বাঙালি। তাঁর বাবা প্রয়াত শমু মুখোপাধ্যায় ছিলেন কলকাতার বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের সন্তান। কাজলের মা হলেন প্রখ্যাত অভিনেত্রী তনুজা। তনুজা তাঁর অভিনয় জীবনে বহু কালজয়ী বাংলা সিনেমায় কাজ করেছেন। 

উল্লেখ্য, এর আগে ‘মা’ সিনেমার শুটিংয়ের জন্য কাজল কিছুদিন আগে পশ্চিমবঙ্গে ছিলেন। সেই সময় তিনি শান্তিনিকেতন ও কলকাতাতে সময় কাটান। ৫১ বছর বয়সী কাজল ১৯৯২ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত। ১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমায় তাঁর ডেবিউ হয়। 

টলিউডে যেমন উত্তম-সুচিত্রা জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তেমনই বলিউডের অন্যতম সেরা জুটি শাহরুখ খান ও কাজলের জুটি। দর্শকরা এই জুটিকে সিলভার স্ক্রিনে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাঁরা দু’জন একসঙ্গে ৭টি বলিউড সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। 

সেই সিনেমাগুলি হল –

১. বাজিগর (Baazigar) – ১৯৯৩
২. করণ অর্জুন (Karan Arjun) – ১৯৯৫
৩. দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge) – ১৯৯৫
৪. কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) – ১৯৯৮
৫. কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham…) – ২০০১
৬. মাই নেম ইজ খান (My Name Is Khan) – ২০১০
৭. দিলওয়ালে (Dilwale) – ২০১৫



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *