Headlines

Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !


মুম্বই : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ। আর তাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়াল। অন্য মহিলা সহ-যাত্রীদের চোখে মরিচের গুঁড়ো স্প্রে করে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের সাব-আর্বান লোকাল ট্রেনে ঘটনাটি ঘটে। মধ্য রেলের এক আধিকারিক জানিয়েছেন, সকালের ব্যস্ত সময়ে একটি লোকাল ট্রেনের মহিলাদের জন্য সংরক্ষিত প্রথম শ্রেণির কামরায় পেপার স্প্রে-র ঘটনাটি ঘটে।

দক্ষিণ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (CSMT)-এর উদ্দেশে ফিরতি যাত্রা শুরুর আগেই আসন নিশ্চিত করতে অনেক মহিলা যাত্রী ডোম্বিভলি থেকে কল্যাণ পর্যন্ত ট্রেনে করে আসেন। ৫২ কিলোমিটার দূরবর্তী কল্যাণ থেকে CSMT-গামী সকালের ট্রেনগুলোতে প্রায় সবসময়ই প্রচণ্ড ভিড় থাকে। ওই কর্মকর্তা জানান, ডোম্বিভলি থেকে আসা যাত্রীরা আসন দখল করে রাখায় কল্যাণ স্টেশন থেকে ট্রেনে ওঠা যাত্রীরা বসার জায়গা পান না।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মহিলা যাত্রীদের দু’টি দলের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় ডোম্বিভলি-র দলের এক মহিলা তাঁর ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে কল্যাণ স্টেশন থেকে ট্রেনে ওঠা মহিলাদের ওপর তা স্প্রে করে দেন বলে অভিযোগ রয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি সিএসএমটি (CSMT)-তে পৌঁছানোর পর, রেল পুলিশ (GRP) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীরা বগিতে প্রবেশ করে তদন্ত চালান। ওই কর্মকর্তা জানান, যে মহিলা পেপার স্প্রে ব্যবহার করেছিলেন, পরবর্তী পদক্ষেপের জন্য জিআরপি তাঁকে আটক করেছে।

দিনকয়েক আগেও মুম্বইয়ে লোকাল ট্রেনে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। লোকাল ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বচসা এমন জায়গায় পৌঁছায় যে খুনই হয়ে যান এক যুবক ! চলন্ত লোকাল ট্রেনে সহযাত্রীকে ছুরি দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ওঠে বছর ৩০-এর এক যুবকের বিরুদ্ধে।

প্রবল বৃষ্টি হচ্ছিল। তাই কোচের দরজা বন্ধ করা নিয়ে শুরু হয় বিবাদ। সেই বিবাদই খুন অবধি গড়ায় বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবককে কুর্লা থেকে গ্রেফতার করে পুলিশ। রেলপুলিশের ছয়টি দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানোর পর তাকে গ্রেফতার করে। মুম্বইয়ের ঘটনা। অভিযুক্তের নাম রোশন সুবর্ণ। তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। চার্চগেট-নালাসোপারা ফাস্ট লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসে কোচে খুন হন মায়াঙ্ক লোহার (২২)। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *