Headlines

Raphinha: মন খারাপ বাংলার ব্রাজ়িল ভক্তদের, কলকাতায় আসছেন না রাফিনহা, কী হয়েছে তারকা ফুটবলারের?


কলকাতা: ভারতের মাটিতে তাঁর পায়ের জাদু দেখার জন্য অপেক্ষা করেছিলেন অনেকে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের ব্রাজ়িল সমর্থকদের ধাক্কা। ব্রাজ়িল দলের সঙ্গে কলকাতা সফরে আসছেন না তারকা ফুটবলার রাফিনহা (Raphinha)। ভারতের বিরুদ্ধে ৩ অক্টোবর ঐতিহাসিক ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজ়িলের ফরওয়ার্ড। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে দেখা যাবে না রাফিনহাকে। 

কিন্তু কেন কলকাতায় আসছেন না রাফিনহা? কী হয়েছে সাম্বার দেশের তারকা ফুটবলারের?

আগামীকাল, বৃহস্পতিবার কলকাতায় আসছে ব্রাজ়িল ফুটবল দল। তার ২ দিন পরে, শনিবার সন্ধ্যায় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু সেই ম্যাচে খেলবেন না রাফিনহা। ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ব্রাজ়িল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলেছে ব্রাজ়িল। প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়। দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জেতে ব্রাজ়িল। সেই ম্যাচ খেলার সময়ই ডানপায়ের ঊরুতে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। তাঁকে ম্যাচের বিরতিতে মাঠ থেকে তুলে নেন কোচ কার্লো আন্সেলোত্তি। জানা গিয়েছে, জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রাফিনহাকে। তিনি বার্সেলোনায় গিয়েছেন চিকিৎসার জন্য।

 

সূত্রের খবর, রাফিনহার চোটের জায়গায় পরীক্ষা করা হয়েছে। তবে স্ক্যান রিপোর্টে গুরুতর চোট পাওয়া যায়নি বলেই খবর। ব্রাজ়িলের প্রথম সারির সংবাদপত্র ও গ্লোবো জানিয়েছে, অল্পই চোট রয়েছে রাফিনহার। তবে ডানপায়ের ঊরুর এই জায়গাতে আগেই চোট পেয়েছিলেন রাফিনহা। তাই তাঁকে জোর করে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি ব্রাজ়িল দল। সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত মরশুমে বার্সেলোনা তারকার ডানপায়ের ঊরুতে বেশ কয়েকবার চোট লেগেছিল। প্রায় দেড়শো দিন মাঠের বাইরে কাটাতে হয়েছিল রাফিনহাকে। ২০২৬ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচেও খেলতে পারেননি রাফিনহা। ব্রাজ়িল ফুটবল সংস্থা যে কারণে রাফিনহাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না। তাঁর কোনও পরিবর্ত ফুটবলারও নেওয়া হচ্ছে না ভারত সফরের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *