রঞ্জিত হালদার, কলকাতা: প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে মিটলেও, দ্বিতীয় দফা নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। কোথাও বাইক নিয়ে হুমকি হুঁশিয়ারির খবর প্রকাশ্যে আসতে তো কোথাও মারধর, হামলা, বোমাবাজির খবর প্রকাশ্যে আসছে। আর এবার, মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলা করার অভিযোগ উঠল। গোটা ঘটনায় উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। উত্তর চালতাবেড়িয়ায় মিটিং থেকে ফেরার পথে হামলা করেছে ISF, অভিযোগ করছেন সওকত মোল্লা।
কী অভিযোগ সওকত মোল্লার?
এই ঘটনা নিয়ে, সওকত মোল্লার অভিযোগ, ISF নেতা আবুল খয়েরের নেতৃত্বে হামলা করা হয়েছে তাঁর ও তাঁর সহযোগীদের ওপর। এই হামলার অভিযোগে বিজয়গঞ্জ থানার সামনে রাতে বিক্ষোভ দেখায় তৃণমূল। ISF-এর বিরুদ্ধে হামলার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী। যদিও ISF-এর পক্ষ থেকে হামলার সঙ্গে দলের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের দু নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার উত্তর চালতাবেরিয়া এলাকায়। তৃণমূল প্রার্থী সওকত মোল্লার অভিযোগ, উত্তর চালতাবেড়িয়া এলাকাতে একটি নির্বাচনী মিটিং ছিল। সেখানেই যোগদান করতে গিয়েছিলেন তিনি। আর সেই মিটিং থেকে ফেরার পথে তাদের উপর হামলা করে আইএসএফ কর্মী সমর্থকরা বলে অভিযোগ করছেন তিনি। আইএসএফ নেতা আবুল খয়ের তার নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে সওকত মোল্লার অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
অশান্তি রুখতে তৎপর কমিশন
অন্যদিকে, প্রথম দফার মতোই, দ্বিতীয় দফার নির্বাচন ও যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই চেষ্টা করতে কোনও কসুর রাখছে না নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোটে বুথের ১০০ মিটারের মধ্যে লক্ষ্মণরেখা টেনে দিয়েছিল কমিশন। আর দ্বিতীয় দফায়, কমিশনের তৈরি এই রেড জোনে থাকছে, তাতে রয়েছে, ভাঙড়, ব্য়ারাকপুর, খানাকুল, কাকদ্বীপ, আরামবাগের মতো এলাকা। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন, ‘প্রথম দফার মতোই দ্বিতীয় দফায় পরিকল্পনা আছে। অতিরিক্ত ফোর্স নিয়ে অতিরিক্ত এরিয়া ডমিনেশন হবে। আমাদের মোট ২৫০০ কোম্পানি (কেন্দ্রীয় বাহিনী) আছে। ২৫০০ কোম্পানির মধ্যে প্রায় ২২০০-২৩০০ তো থাকবেই দ্বিতীয় দফার ভোটে।’
