Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন


তিরুঅনন্তপুরম: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। তার আগে ভারতীয় শিবিরে উদ্বেগের খবর। তিরুঅনন্তপুরমে নেটে ব্যাটিং করার সময় কনুইয়ে গুরুতর চোট পেলেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। মহম্মদ সিরাজের বিরুদ্ধে ব্যাট করার সময় ডানহাতের কনুইয়ে চোট পান গিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছেড়ে বেরিয়ে যান তিনি। ভারতীয় দলের ফিজিও তাঁর শুশ্রুষা করেন। সিরাজও গিয়ে গিলের খোঁজ নেন। পরে বিরাট কোহলিও গিলের চোটের খোঁজ নেন। পাশের নেটেই ব্যাট করছিলেন কোহলি (Virat Kohli)।

নেটের অন্য প্রান্তে যাওয়ার সময় শুভমনের ব্যথা আরও বাড়ে। কনুই চেপে ধরে বসে পড়েন গিল। ভারতীয় দলের সাপোর্ট স্টাফেরা তাঁর হাত ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেন। সেই অবস্থাতেই শুশ্রূষা নিতে নিতে ভারতের বাকি প্র্যাক্টিস সেশনে দেখা যায় তাঁকে। আর ব্যাট করতে নামেননি গিল। তবে গুরনূর ব্রারের সঙ্গে একবার ঠাট্টা করতে দেখা যায় তাঁকে। প্র্যাক্টিসের শেষে মাঠ ছেড়ে বেরনোর সময়।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে সেরে ওঠার জন্য হাতে মাত্র ২৪ ঘণ্টা সময় পাবেন শুভমন। রবিবার প্রথম ওয়ান ডে ম্যাচ। ভারতের হয়ে শেষ সিরিজেও চোট সমস্যায় জর্জরিত ছিলেন শুভমন। শ্রীলঙ্কায় নেটে ব্যাট করার সময় হাতের অনামিকায় চোট পেয়েছিলেন গিল। তবে তিনি সেরে উঠেছিলেন আর দুটি টেস্ট ম্যাচেই খেলেন।

শুক্রবার চোট পাওয়ার আগে অবশ্য বেশ ছন্দেই দেখাচ্ছিল গিলকে। ট্রেনিংয়ে নামা ক্রিকেটারদের মধ্যে একেবারে শুরুতে নেমেছিলেন তিনি। কোহলি, রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ব্যাট করছিলেন তিনি। নীতীশ কুমার রেড্ডির বলে কয়েকবার খোঁচা দেন বটে, তবে ব্রারের বলে বেশ কয়েকটি চমৎকার ড্রাইভ মারেন।

এ বছর এমনিতেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia) সম্প্রতি জানিয়েছিলেন, তাঁরা এ বিষয়টি নিয়ে চিন্তিত।

শুক্রবার ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেন, ‘আমরা সব সময়ই সেরা একাদশ মাঠে নামাতে চাই। যারা এই পরিস্থিতিতে সেরা বিকল্প। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে, ছেলেরা সেই সময় চোট পেয়ে যাচ্ছে যখন আমরা চাইছি না। তবে আমাদের হাতে প্রচুর বিকল্প রয়েছে। বাকিদের কাছে নিজেদের প্রমাণ করার সুযোগ।’

আরও পড়ুন: ফিফা তালিকায় ৯৪ ধাপ ওপরে থাকা পানামাকে রুখে দিল ভারত, রায়ানের গোলে এগিয়ে থেকেও ড্র



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *