কলকাতা: হাসপাতালে সোনম ওয়াংচুক (Sonam Wangchuk), কিন্তু যন্তর মন্তরে এখনও অনশন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) একাধিক সদস্যরা। আজ ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান করার কথা, কিন্তু তার আগেই, লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে দিয়েছে পুলিশ এবং ব়্যাফ। অন্যদিকে, হাসপাতালে রয়েছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। শনিবার সাদা পোশাকে পুলিশ এবং ব়্যাফ এসে, সাদা চাদরে আড়াল করে, যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যায় সোনম ওয়াংচুককে। তাঁকে আপাতত সফদরজং হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত অনশন ভাঙানো যায়নি তাঁর। স্ত্রী জানিয়েছেন, কেবলমাত্র নুন জল খেয়ে রয়েছেন সোনম, শুরু করা যায়নি চিকিৎসাও।
যোগ দিতে চান কর্মসূচীতে, হাসপাতালকে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
গতকাল জানা গিয়েছিল, হাসপাতালে থেকেও শরীরের কিছুটা অবনতি ঘটেছে সোনম ওয়াংচুকের। তবে বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি। সংসদ ভবন অভিযানের দিন সকালেই তিনি হাসপাতাল থেকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি ৩টি শর্ত বেঁধে দিয়েছিলেন তাঁর অনশন তোলার জন্য। আর বেলার দিকে, হাসপাতালের উদ্দেশে একটি চিঠি দিলেন সোনম ওয়াংচুক। আপাতত তিনি সুস্থ আছে, এবং সংসদ ভবন অভিযানে তিনি অংশগ্রহণ করতে পারবেন বলেই মনে করছেন। হাসপাতাল থেকে তাঁকে যেন অন্তত কিছুটা সময়ের জন্য রিলিজ করা হয়, সেই আর্জি জানিয়েই হাসপাতালকে চিঠি দিয়েছেন সোনম ওয়াংচুক। কী রয়েছে সেই চিঠিতে?
সোনম ওয়াংচুক হাসপাতালের উদ্দেশে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘সফদরজং হাসপাতালের ডিরেক্টরর্সদের উদ্দেশে… আমি আপনাদের আর্জি জানাচ্ছি যে, আজ আমি শারীরিকভাবে যথেষ্ট ভাল রয়েছি এবং আমার সমস্ত পরীক্ষার রিপোর্ট ও যথেষ্ট স্বাভাবিক। দয়া করে আমায় অন্তত কিছুটা সময়ের জন্য ও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হোক, যাতে আমি সংসদ অভিযানে যোগদান করতে পারি। আমি কৃতজ্ঞ থাকব। সোনম ওয়াংচুক।’ নিটের প্রশ্নফাঁসের অভিযোগ থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সংসদ অভিযান করার কথা। আর সেই কর্মসূচীতেই যোগ দিতে চেয়ে হাসপাতালকে চিঠি দিলেন সোনম ওয়াংচুক।
অন্যদিকে আজ, নয়াদিল্লি জুড়ে জারি করা হয়েছে, BNS-এর ১৬৩ ধারা। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে, প্রতিবাদের নির্ধারিত স্থান যন্তর মন্তর ছাড়া কোথাও জমায়েত করা যাবে না। পাশাপাশি আরও জানানো হয়েছে, ২০ জুলাই সংসদ ভবন অভিযানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে অনুরোধ, কোনও বেআইনি জমায়েত বা মিছিলে অংশ নেবেন না।
আরও পড়ুন: Sonam Wangchuk: দিল্লিতে সাংসদ অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
