নয়াদিল্লি: চাকরি পাকা হয়ে গিয়েছিল পাকিস্তান এয়ারলাইন্সে। কিন্তু শেষ পর্যন্ত যোগ দেওয়া হল না। তার আগেই এয়ার ইন্ডিয়ার সিইও হয়ে গেলেন তেওলদে গেব্রেমরিয়ম। এয়ার ইন্ডিয়ার নতুন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন তিনি। কী ভাবে এমন ঘটনা ঘটল, তাও জানা গেল। (Tewolde Gebremariam)
এয়ার ইন্ডিয়ার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নাম ঘোষণা হতেই গেব্রেমরিয়মকে নিয়ে কৌতূহল বেড়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে, আর কয়েক দিন এদিক ওদিক হলেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দায়িত্ব উঠত তাঁর হাতে। সিকিওরিটি ক্লিয়াব়্যান্সের জন্য অপেক্ষা করছিল পাকিস্তানের বৃহত্তম বিমান পরিবহণ সংস্থা। সেটি পেলেই সিইও হিসেবে তাঁর নাম ঘোষণা হয়ে যেত। (Air India News CEO)
আরও পড়ুন: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রাক্তন প্রধান গেব্রেমরিয়ম। সম্প্রতি তাঁকে নিয়োগ করেছে এয়ার ইন্ডিয়ার অভিভাবক সংস্থা TATA Group. তবে জুলাই মাসের একটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ইন্টারন্য়াশনাল এয়ারলাইন্স তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নেয়। তবে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হয়নি।
Bloomberg জানিয়েছে, গেব্রেমরিয়মের নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল। Arab News-এর দাবি, সিকিওরিটি ক্লিয়াব়্যান্সের জন্য অপেক্ষা করছিল পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্স। সংস্থার এক আধিকারিককে তাদের বলেন, “সিকিওরিটি ক্লিয়াব়্যান্স না মেলা পর্যন্ত নাম ঘোষণা করা যাচ্ছিল না।” গেব্রেমরিয়মকে অত্যন্ত ‘যোগ্য’ ব্যক্তি বলে উল্লেখ করেন তিনি। বিমান সংস্থার ভোল পাল্টে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে বলে জানান।
বেসরকারিকরণের পর পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের আধুনিকীরণ, ব্যবস্থাপনায় সংস্কার এবং সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল গেব্রেমরিয়মের। কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সকে মাত দেয় Tata Group. এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, “পৃথিবীর অন্যতম দক্ষ এবং লাভজনক বিমান সংস্থা গড়ে তোলায় সাফল্যের রেকর্ড রয়েছে গেব্রেমরিয়মের, যা তাঁকে এয়ার ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলেছে।” Tata Group-এর হাত ধরে যে এয়ার ইন্ডিয়াকে উন্নতির শিখরে নিয়ে যেতে গেব্রেমরিয়মের দক্ষতা কাজে লাগবে বলে মত তাঁর।
২০১১ থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের সিইও ছিলেন গেব্রেমরিয়ম। ২০২২ সালের মার্চ মাসে অবসর গ্রহণ করেন তিনি। তাঁর হাত ধরে আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা হয়ে ওঠে ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপ। শুধু সম্প্রসারণই নয়, আন্তর্জাতিক রুটে উপস্থিতি বাড়ে তাদের, রক্ষণাবেক্ষণের দিক থেকেও বাকিদের চেয়ে এগিয়ে যায়। প্রতিযোগিতার বাজারে লাভজনক সংস্থা হয়ে দাঁড়ায় ওই বিমান সংস্থা। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে অবসর নিয়েছিলেন গেব্রেমরিয়ম। তবে এবার এয়ার ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করলেন। এয়ার ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারা অত্যন্ত সম্মানের বিষয় বলেও জানান।
