Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন…


নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক সে, মাত্র ১৫ বছর বয়সেই ২২ গজে ঝড় তুলে ক্রিকেট মহলে চর্চার কেন্দ্রে চলে এসেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। অল্প বয়সেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে যিনি সকলের নজর কেড়েছেন, সেই বৈভবকে নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)। বৈভবের খেলার ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে হেডেন তাঁর মতামত স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

ক্রিকেট মহলের অনেকের ধারণা বৈভব শুধু টি-টোয়েন্টি বা সংক্ষিপ্ত ফরম্যাটের জন্যই উপযুক্ত। কিন্তু হেডেন এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, “কিছু মানুষ বলছেন ও হয়তো শুধু ছোট ফরম্যাটের খেলোয়াড় হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতে একেবারেই একমত নই। আমি বিশ্বাস করি, খেলার দীর্ঘতম ফরম্যাটেও সফল হওয়ার মতো ক্ষমতা বৈভবের রয়েছে। ফিটনেসের দিক থেকে তো অবশ্যই, তবে সবকিছুর চেয়ে বড় কথা হল মানসিক শক্তি। ১৫ বছর বয়সেই আইপিএলের মতো একটা বিশাল, চোখধাঁধানো ও ব্লকবাস্টার টুর্নামেন্টে অংশ নেওয়া এবং শুধু নামার জন্যই নয়, সেখানে সাফল্য অর্জন করার সাহস ও মানসিকতা বৈভব দেখিয়েছে। এটাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে, বিশ্বমানের খেলোয়াড় হওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সব উপাদানই ওর মধ্যে আছে।”

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি স্তরে বৈভবের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি হেডেন মনে করেন, শীর্ষ স্তরে ধরে রাখতে বৈভবকে আরও কিছু জায়গায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, “বৈভবের মধ্যে প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে। ধারাভাষ্যকার হিসেবেই হোক বা কোচ হিসেবে, আমরা সবাই ওর এই বড় হয়ে ওঠার পথটা দেখতে ভীষণ উত্তেজিত ছিলাম। তবে শীর্ষতম স্তরে খেলতে গেলে যে এখনও কিছু কাজ করা বাকি রয়েছে, সেটা ও নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবং আশা করি ও সেই কাজগুলো করবে। ও একজন চমৎকার তরুণ খেলোয়াড়, যার সম্ভাবনা অসাধারণ। শেষ পর্যন্ত ও নিজের কেরিয়ার কীভাবে গড়ে তুলতে চায়, তা পুরোটাই ওর নিজের ওপরই নির্ভর করছে।”

সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩টি ম্যাচে ১৫১ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে বৈভব। ওই সিরিজটি ভারত ৩-০ ব্যবধানে জিতেছে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ইতিহাসও গড়েছে বৈভব।

২০২৬ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে বেশ সাড়া ফেলে দেয় এই তরুণ। মরসুমে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি সর্বাধিক ৭২টি ছক্কা আসে বৈভবের ব্যটে। এ বছর অরেঞ্জ ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP), ইমার্জিং প্লেয়ার, সুপার স্ট্রাইকার এবং সুপার সিক্সেসের মতো সব প্রধান পুরস্কারই নিজের নামে করে ফেলে ম্যাজিক্যাল বয় বৈভব। এছাড়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ৪৩৯ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিল বৈভব।

ম্যাথু হেডেনের মতো একজন অভিজ্ঞ ও কিংবদন্তি ক্রিকেটার যখন বৈভব সূর্যবংশীর মানসিক শক্তি ও টেস্ট খেলার সম্ভাবনার কথা বলেন, তখন তা এই তরুণ ব্যাটারের কাছে বড় অনুপ্রেরণা হওয়ার কথা, এমনটাই মনে করছে ক্রিকেট মহল। বৈভবের প্রতিভার সঙ্গে মানসিক দৃঢ়তার মেলবন্ধন যদি সঠিকভাবে বজায় থাকে, তবে আগামী দিনে ভারত শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে নয়, সব ফরম্যাটেই এক বিশ্বমানের ব্যাটার পেতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *