সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন


নয়াদিল্লি: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে (Neet Paper Leak) লোকসভায় উত্তেজনা। ওয়েলে নেমে হইচই বিরোধী সাংসদদের, বেলা ১২ পর্যন্ত মুলতুবি অধিবেশন।

সংসদের অধিবেশন শুরুর পরেই প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ চত্বরে উত্তেজনা। বৃহস্পতিবার অধিবেশন শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই মুখোমুখি হয় সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা। সরকারের বিরুদ্ধে স্লোগান বিরোধী সাংসদদের। পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান NDA সাংসদদের। লোকসভা স্পিকার বারংবার সকলকে বসার অনুরোধ করলেও, পরিস্থিতি বদল হয়নি। স্লোগান দেওয়া অব্যাহত থাকে। এরপরেই দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকালও কিন্তু এভাবেই সরকারকে একযোগে সমাজবাদী পার্টি ও কংগ্রেস একযোগে আক্রমণ করে। তারপরে দফায় দফায় মুলতুবি হয়েছিল অধিবেশন। দিন বদলালেও পরিস্থিতি বদল হল না। সংসদে হই হট্টগোল নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গাঁধীর (Priyanka Gandhi) দাবি, ‘নেতার নেতৃত্ব দেখানের সময় এসে গিয়েছে। একটু নেতৃত্ব দেখান। বাচ্চারা কিছু বলছে, ওদের সঙ্গে কথা বলুন, ওরা কী দাবি করছে সেটা শুনুন। ওরা স্পষ্টভাবেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে। দ্বিতীয়ত যারা ওদের মেরেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, সেগুলি পূর্ণ করুন আগে, খুব বড় বা কঠিন তো কিছু চাইছে না। সিস্টেমের ওপর ছাত্ররা ভরসা হারিয়েছে। তাই সিস্টেমের মাধ্যমে কিছু করলে ওরা মানবে না। যদি এই পরিস্থিতির সমাধান করতেই হয়, তাহলে বাচ্চাদের কথাগুলি শুনুন, ওরা যা চাইছে সেই দাবি দাওয়া পূরণ করুন।’

আরও পড়ুন:- নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ 

এই প্রেক্ষাপটেই এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কোনও কিছুই আমাদের যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নফাঁসের তদন্তে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে চাইছি। যারা আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাদের ছাড়া হবে না।’

প্রশ্নফাঁসকাণ্ডে নিয়ে প্রধানমন্ত্রীর পোস্টের জবাবে রাহুল গাঁধীও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। বিরোধী দলনেতা লেখেন, ‘আপনিই সেই ব্যক্তি, যিনি আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যতের সবথেকে বেশি ক্ষতি করেছেন। আমাদের শিক্ষাব্যবস্থাকে আপনি দখল হতে ও ধ্বংস করতে উৎসাহ দিয়েছেন। এর জন্য যারা দায়ী, তাদের আপনি রক্ষাও করেছেন। পড়ুয়াদের দাবি পরিষ্কার, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, ছাত্রদের কাছে দুঃখপ্রকাশ করুন। যারা পড়ুয়াদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *