সন্দীপ সরকার, কলকাতা: তাঁরা বাংলা ক্রিকেটের কিংবদন্তি। কেউ হয়তো জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন। তাঁদের নাম চিরস্মরণীয় করে রাখতে এবার বিশেষ ভাবনা সিএবি-র।
বাংলার কিংবদন্তি ক্রিকেটার, প্রয়াত দিলীপ দোশি, গোপাল বসুদের নামে জেলার টুর্নামেন্টের নামকরণ করার চিন্তাভাবনা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে প্রস্তাব ওঠে। সকল সদস্যই সহমত পোষণ করেন বলেই খবর।
প্রাক্তন বাঁহাতি স্পিনার দিলীপ দোশি ভারতের হয়ে ৩৩টি টেস্ট ও ১৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। পাশাপাশি তিনি কেরিয়ারের একটা বড় সময় বাংলার হয়ে খেলেছেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার মনে করা হয় দিলীপ দোশিকে। তাঁকে ২০১৫ সালে জীবনকৃতি সম্মান দেয় সিএবি। ২০২৫ সালের ২৩ জুন লন্ডনে প্রয়াত হন প্রাক্তন ক্রিকেটার।
গোপাল বসুও বাংলার ক্রিকেটের প্রবাদপ্রতিম চরিত্র। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮টি সেঞ্চুরি করেছিলেন। ভারতের হয়ে খেলেছেন ১টি ওয়ান ডে ম্যাচ। তবে গোপাল বসুর কৃতিত্ব শুধু তাঁর নিজের কেরিয়ারেই সীমাবদ্ধ নেই। ক্রিকেট ছেড়েছিলেন। কিন্তু ক্রিকেটকে ছাড়েননি। কোচিংয়ে আসেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্থানের নেপথ্যে অন্যতম কারিগর। বাংলার বহু ক্রিকেটারকে প্রশিক্ষণ দিয়েছেন। ২০১৮ সালে বার্মিংহামে তিনিও প্রয়াত হন।
দিলীপ, গোপাল এবং এরকমই প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটারদের নামে সিএবি পরিচালিত জেলার বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টগুলির নামকরণের ভাবনা শুরু হয়েছে। বুধবারের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে প্রস্তাব উঠেছিল। সকলেই সহমত হয়েছেন। খুব দ্রুতই জেলার বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের নামকরণ করা হতে পারে গোপাল বসু, দিলীপ দোশি এবং অন্যান্য প্রয়াত ক্রিকেটারদের নামে।
বদলে যাচ্ছে অম্বর রায় টুর্নামেন্টের খোলনলচে!
প্রয়াত অম্বর রায়ের নামে আগে থেকেই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে সিএবি। ফি বছর সেই টুর্নামেন্ট হয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের নিয়ে। এবং অংশগ্রহণ করে বিভিন্ন ক্রিকেট অ্যাকাডেমি। তবে বুধবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে, অম্বর রায় টুর্নামেন্ট পরেরবার থেকে ক্রিকেট অ্যাকাডেমির পরিবর্তে ক্লাবগুলোকে নিয়ে করা যায় কি না, সেটা দেখা হবে। বিভিন্ন সময়ে অম্বর রায় টুর্নামেন্ট নিয়ে নানারকম বিতর্ক প্রকাশ্যে এসেছে। ক্লাবগুলো দল নামালে সেই বিতর্ক কিছুটা কমবে বলেই মনে করছে সিএবি।
আরও পড়ুন: ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন, উৎপলকে আজীবনের স্বীকৃতি দিচ্ছে CAB, অনুষ্ঠানে প্রধান অতিথি নেহরা
