নিউ ইয়র্ক: কথায় বলে ‘History repeats itself’। এবারের ফুটবল বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup Final) যেন তারই প্রতিচ্ছবি। মার্কিন মুলুকের রাজধানীতে আর্জেন্তিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল স্পেন (Spain vs Argentina)। আর সেই ফাইনাল ম্যাচের রন্ধ্রে রন্ধ্রে ইতিহাসের পুনরাবৃত্তি।
শুরুটা না হয় ম্যাচজয়ী ফেরান তোরেসের গোল দিয়েই করা যাক। ২০১০ সালের স্পেনকে জিতিয়েছিলেন ইনিয়েস্তা, ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করেছিলেন বার্সা তারকা। ২০০৮ সালের ইউরো জয়ের দুই বছর পর দক্ষিণ আফ্রিকায় খেতাবি ফাইনালে ১০ জনের নেদারল্যান্ডসকে হারিয়েছিল লা রোহা। এবারও তেমনই ২০২৪ সালের ইউরো জয়ী স্পেন দল অতিরিক্ত সময়ে ১০ জনে আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ জিতল। এবারও অতিরিক্ত সময়ে বার্সোলোনারই ফুটবলার ফেরান তোরেস স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন।
স্পেনের প্রতিপক্ষ আর্জেন্তিনা ২০২২ সালে বিশ্বকাপ জিতলেও, আগের বারের ফাইনালে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মতোই সদ্য প্রাক্তন বিশ্বচ্যামিয়নকে এবারের ফাইনালে হারতে হল। লিওনেল মেসি এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমেছিলেন। তিনবার অধিনায়ক হিসাবে মাঠে নেমে ইতিহাস গড়েন তিনি। নজির গড়েন তিনটি বিশ্বকাপের ফাইনালে শুরু থেকে খেলেও। তবে ২০১৪ সালের পর ২০২৬ সালে ফের একবার বিশ্বকাপ ফাইনালে হাতে হল তাঁকে।
আরও পড়ুন:- বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
১২ বছর আগের সেই বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্তিনা ১-০ গোলে অতিরিক্ত সময়ে পরাজিত হয়েছিল। পরিবর্ত হিসাবে নেমে জার্মানদের হয়ে গোল করেছিলেন মারিও গোৎজ়া। ফেরান তোরেসও কিন্তু এবারের ফাইনালে পরিবর্ত হিসাবেই মাঠে নামেন। রেকর্ড বলছে আজ অবধি গোৎজ়ে আর তোরেস বাদে কোনও পরিবর্ত হিসাবে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামা খেলোয়াড়ের গোলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়নি। দুই ক্ষেত্রেই দুর্ভাগ্যক্রমে পরাজিত হতে হয় আর্জেন্তিনাকে।
ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু এখানেই শেষ নয়। ২০২৬ সালের ফাইনালের ভেন্যু নিউ জার্সি স্টেডিয়ামে ঠিক এক দশক আগে কোপা আমেরিকার খেতাবি ফাইনালে পরাজিত হতে হয়েছিল লা আলবিসেলেস্তেকে। সেই মাঠে থেকেই ফের একবার মেসি অশ্রুজলে বের হলেন খালি হাতে, ট্রফি হেরে। শেষ হল তাঁদের এক দুরন্ত বিশ্বকাপ দৌড়। যে দৌড়ে ২০২২ সালে গ্রুপ পর্বে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর কোনও পরাজয়ের গ্লানি ছিল না। ঘটনাক্রমে ২০২২ বিশ্বকাপে সৌদি আরব বনাম আর্জেন্তিনার সেই ম্যাচে রেফারিংয়ের দায়িত্বে ছিলেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ, যিনি এই বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন। অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপে যে বারংবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে, সেই বিষয়ে কিন্তু কোনও সন্দেহ থাকার জো নেই।
