India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬


গুয়াহাটি: টেস্ট ক্রিকেটে কৌলিন্য হারিয়েছে তারা। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও যে কতটা বিপজ্জনক দল ওয়েস্ট ইন্ডিজ়, বুধবার ফের একবার তা দেখিয়ে দিলেন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা। সে যতই ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ হোক না কেন ওয়েস্ট ইন্ডিজ়।

গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জ়াঙ্গু – ত্রয়ীর সেঞ্চুরিতে রানের পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ়। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ় তুলল ৪০৫/৭।

বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের মাঠে তৈরি হল একের পর এক রেকর্ড। মাত্র ৬৫ বলে সেঞ্চুরি করলেন ওপেনার ক্যাম্পবেল। তিরুঅনন্তপুরমে আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন জন গ্রিভস। তবে চোটের জন্য তিনি বুধবারের ম্যাচে খেলতে পারছেন না। ম্যাচের আগে যা নিয়ে ক্যারিবিয়ান শিবিরে উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে ভারতের বিরুদ্ধে গ্রিভসের অভাব বুঝতেই দিলেন না জন ক্যাম্পবেল। ৬৫ বলে সেঞ্চুরি করলেন ক্যাম্পবেল। যা রেকর্ড। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ক্রিকেটারের এটাই দ্রুততম সেঞ্চুরি। রিকার্ডো পাওয়েলের ২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তিনি। ১৯৯৯ সালে সিঙ্গাপুরে ভারতের বিরুদ্ধে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন রিকার্ডো পাওয়েল। গুয়াহাটিতে ৬৫ বলে করলেন ক্যাম্পবেল। ৬৮ বলে ১০১ রান করে ফেরেন তিনি।

তবে একা ক্যাম্পবেল নয়, পাওয়েলের রেকর্ড ছাপিয়ে গেলেন আমির জ়াঙ্গুও। ৭০ বলে সেঞ্চুরি করলেন তিনি। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ক্রিকেটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৭৭ বলে ১১৪ রান করলেন জ়াঙ্গু। 

তিন অঙ্কের রানে পৌঁছলেন অধিনায়ক শাই হোপও। ৯৪ বলে ১০৪ রান করলেন তিনি। ত্রয়ীর দাপটের বিরুদ্ধে বল হাতে লড়াই করলেন একমাত্র কুলদীপ যাদব। আগের ম্যাচে ৪ উইকেট নিয়ে সেরার স্বীকৃতি পেয়েছিলেন। বুধবার ১০ ওভারে ৬৫ রানে নিলেন ২ উইকেট। শেন ওয়ার্নের রেকর্ড ভাঙলেন তিনি। ২০০ ওয়ান ডে উইকেট সম্পূর্ণ হল কুলদীপের। যে মাইলফলকে পৌঁছতে কিংবদন্তি ওয়ার্ন নিয়েছিলেন ৬৯৮৩ বল। ৬৩১৯ বল নিলেন কুলদীপ।

 

২০১৫ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে এক ম্যাচে তিন সেঞ্চুরি করেছিল। সেই নজির স্পর্শ করল ওয়েস্ট ইন্ডিজ়ও। অভিষেক ম্যাচ খেলতে নেমে আকিব নবি ৮.৫ ওভারে খরচ করলেন ৮৪ রান। অভিষেক ম্যাচে এত বেশি রান খরচ করেননি ভারতের আর কোনও বোলার।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *