মিসৌরি: বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্তিনা (Argentina Football Team), আর সেই ম্যাচেই মেসি-ম্যাজিক। আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতে নিজেদের খেতাব ডিফেন্ড করার অভিযান শুরু করল আর্জেন্তিনা। আর লা আলবিসেলেস্তের হয়ে তিনটি গোলই করলেন দলের মহানায়ক লিওনেল মেসি (Lionel Messi)।
এই তিন গোলের সুবাদে মেসি মিরোস্লাভ ক্লোজ়ের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপে সর্বাধিক ১৬ গোলের মালিক হয়ে গেলেন। এই ঐতিহাসিক দিনে এক স্মরণীয় হ্যাটট্রিকের পরেও খানিকটা নির্লিপ্তই ‘এলএম১০’। ইতিহাসের পাতায় ফের একবার নাম লেখালেও মেসির দাবি তিনি এই ইতিহাস গড়ে সম্মানিত, তবে এটা তাঁর কাছে কেবল একটি সংখ্যা ছাড়া আর কিছু নয়।
মেসিকে আলজিরিয়া ম্যাচশেষে বলতে শোনা যায়, ‘এটা নিঃসন্দেহেই অত্যন্ত সম্মানের। রোনাল্ডো, এমবাপেও রয়েছে তো, তবে এই সংখ্যাগুলির বাড়তি কোনও গুরুত্ব নেই। এগুলি কেবলই পরিসংখ্যান। রোনাল্ডো তো সর্বকালের অন্যতম সেরা, কিন্তু ও তো প্রথম স্থানে নেই। তাই এটা কেবল পরিসংখ্যান মাত্র।’
আরও পড়ুন:- এমবাপের ইতিহাস গড়ার দিনে ২৪ বছর পুরনো ক্ষতে মলম লাগাল ফ্রান্স
আজকের ম্যাচে মেসি নিজের প্রথম গোল করে বেশ খানিকটা আবেগঘনই হয়ে গিয়েছিলেন। নিজের এই আবেগের বহিঃপ্রকাশের কারণ হিসাবে মেসি জানান সম্প্রতি তিনি বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, তার জেরেই এই প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘এটা ম্যাচ সংক্রান্ত বিষয় নয়। আমি ব্যক্তিগতভাবে বেশ কঠিন এবং জটিল সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। দলের সতীর্থদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ওরা সবসময় আমা পাশে ছিল, যার জেরে আমি এই কঠিন সময় কাটাতে পেরেছি।’
দলের পারফরম্যান্স নিয়ে আর্জেন্তাইন অধিনায়কের দাবি, ‘আমরা বল পায়ে থাকাকালীন দারুণ দারুণ জায়গা নিচ্ছিলাম এবং গোটা ম্যাচটা দারুণভাবে আমরা ম্যানেজও করেছি। গত বারের অভিজ্ঞতাটাও তো আমাদের রয়েছে। ওই অভিজ্ঞতাটা তো কাজে লাগে, সেটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না।’
আলজিরিয়ার বিরুদ্ধে এই দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার আর্জেন্তিনা এবার ২২ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে নিজেদের পরবর্তী বিশ্বকাপ ম্যাচে খেলতে নামবে। সেই ম্য়াচে মেসি এবং আর্জেন্তিনা নিজেদের ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
