নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করতেই বড় সিদ্ধান্ত নিল দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা Nayara Energy। বুধবার (১ জুলাই) থেকে সংস্থাটি পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমানোর ঘোষণা করেছে। নতুন দাম ইতিমধ্যেই সারা দেশের ৭,০০০-এরও বেশি Nayara পেট্রোল পাম্পে কার্যকর হয়েছে। প্রায় দুই বছরেরও বেশি সময় পর কোনও জ্বালানি সংস্থা খুচরো পর্যায়ে এত বড় মূল্যছাড় দিল বলে জানা গিয়েছে।
কেন কমল জ্বালানির দাম?
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি অনেকটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ দিয়ে যাতায়াত অনেকটা স্বাভাবিক হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগও কমেছে। এর জেরেই Nayara Energy এই মূল্যছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বলে সংস্থার তরফে খবর।
সরকারি পাম্পে এখনও পুরনো দাম
Nayara Energy দাম কমালেও, দেশের সরকারি তেল বিপণন সংস্থা Indian Oil Corporation (IOC), Bharat Petroleum (BPCL) এবং Hindustan Petroleum (HPCL) এখনও জ্বালানির দামে কোনও পরিবর্তন আনেনি।
ফলে IOC-এর পাম্পে এখনও দাম অপরিবর্তিত রয়েছে।
ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার পর ২৬ মার্চ Nayara Energy-ই প্রথম লিটারপিছু পেট্রোলে ₹৫ এবং ডিজেলে ₹৩ দাম বাড়িয়েছিল। বুধবার কার্যত সেই মূল্যবৃদ্ধিই প্রত্যাহার করা হল। অন্যদিকে, মে মাসের দ্বিতীয়ার্ধে সরকারি তেল সংস্থাগুলিও একাধিক ধাপে পেট্রোল ও ডিজেলের দাম মোট ₹৭.৫০ পর্যন্ত বাড়িয়েছিল। তাতে কোনও বদল আসেনি। তবে মনে রাখতে হবে, ভ্যাট-সহ বিভিন্ন রাজ্যের স্থানীয় করের কারণে Nayara-র পাম্পে জ্বালানির চূড়ান্ত খুচরো দাম রাজ্য অনুসারে কিছুটা আলাদা হতে পারে।
যদিও দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম অপরিবর্তিত রেখেছে অন্য সংস্থাগুলি। গত চার মাসে একাধিকবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল । সব মিলিয়ে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম ৭.৫ থেকে ৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখনও খুচরো দাম কমানোর তাড়াহুড়োয় নেই। কারণ, আগের ক্ষতি পুষিয়ে নিতে সংস্থাগুলি কিছুটা সময় বেশি মার্জিন ধরে রাখতে চাইছে।
১ জুলাই পেট্রোলের দাম (লিটারপিছু)
| শহর | দাম |
|---|---|
| কলকাতা | ₹113.51 |
| দিল্লি | ₹102.12 |
| মুম্বই | ₹111.21 |
| চেন্নাই | ₹108.01 |
| হায়দরাবাদ | ₹115.73 |
| বেঙ্গালুরু | ₹110.89 |
১ জুলাই ডিজেলের দাম (লিটারপিছু)
| শহর | দাম |
|---|---|
| কলকাতা | ₹99.82 |
| দিল্লি | ₹95.20 |
| মুম্বই | ₹97.83 |
| চেন্নাই | ₹99.66 |
| হায়দরাবাদ | ₹103.82 |
| বেঙ্গালুরু | ₹98.80 |
বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ইতিবাচক হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ অনেকটাই কমেছে। মনে রাখতে হবে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, ভারতে খুচরো জ্বালানির দাম নির্ধারণে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন –
- ডলার-রুপির বিনিময় হার
- কেন্দ্রের আবগারি শুল্ক (Excise Duty)
- রাজ্যভিত্তিক ভ্যাট (VAT)
- তেল বিপণন সংস্থাগুলির বিপণন মার্জিন
এই কারণেই একই দিনে বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আগামী কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকে এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও স্বাভাবিক হয়, তাহলে ভবিষ্যতে জ্বালানির দামে কিছুটা স্বস্তির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপাতত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি খুচরো দাম অপরিবর্তিত রাখার পক্ষেই রয়েছে।
Humayun Kabir News | ‘এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না…’ : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
