Small Saving Schemes : একটা বয়সের পর বিনিয়োগকারীরা ঝুঁকির পরিবর্তে নিশ্চিত রিটার্নের দিকে ঝোঁকেন। সেই ক্ষেত্রে প্রতি মাসে ফিক্সড ইনকাম চান ইনভেস্টাররা। বাজারে আপনার-আমার জন্য রয়েছে এরকম অনেক বিনিয়োগের স্কিম। আপনি যদি সরকারি স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিস আপনাকে দিচ্ছে ভাল সুযোগ। জেনে নিন, এই বিষয়ে বিস্তারিত আর্থিক সুবিধার বিষয়গুলি।
পোস্ট অফিসে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে কী হবে ?
কোনও একটি স্কিমে বিনিয়োগ করার আগে মৃত্যুর পর টাকার কী হবে তা জেনে নেওয়া উচিত। কোনওভাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে, তার পরিবার সেই টাকা কীভাবে পাবে, তা জানা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করে থাকলে এই বিষয়ে আপনার সচেতন হওয়া উচিত।
প্রতি মাসে টাকা আসবে ?
যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্য হয়, তাহলে নিয়ম অনুসারে তার আইনত উত্তরাধিকারী এই টাকা পাবেন। যদি এই টাকার কোনও নমিনি না থাকে তাহলে ক্লেমের সম্পূর্ণ প্রক্রিয়াটি অবশ্যই নিয়ম মেনে সম্পন্ন করতে হবে। যদি অ্যাকাউন্টহোল্ডার মারা যান কিন্তু কাউকে নমিনি হিসেবে মনোনীত না করে থাকেন, সেক্ষেত্রে আইনি উত্তরাধিকারী নিয়ম অনুযায়ী ওই অর্থ দাবি করতে পারেন। যদি পোস্ট অফিসের MIS-এর অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তাহলে মাসিক সুদ বাবদ তার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যাবে। কারণ আইনি নিয়ম মেনে তার উত্তরাধিকারী সেই টাকা পাবেন।
MIS-এ কত টাকা রাখা যায়, কত সুদ পাবেন ?
আপনি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ৯ লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন। সেই ক্ষেত্রে জয়েন্ট অ্য়াকাউন্ট হলে এই টাকার পরিমাণ বেড়ে হতে পারে ১৫ লাখ টাকা। এই স্কিমে সরকার বর্তমানে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। সেই অনুযায়ী, আপনি একসঙ্গে ১৫ লাখ টাকা রাখলে প্রতি মাসে ইন্টারেস্ট হিসেবে ৯২৫০ টাকা পাবেন। যার অর্থ আপনি পুরো বছরে ১.১১ লাখ টাকা সুদ হিসেবে পাবেন। এই সংখ্যাটাই ৫ বছরে সুদ হিসাবে দাঁড়াচ্ছে ৫.৫৫ লাখ টাকা। মনে রাখবেন, এই ডিপোজিট অ্য়ামাউন্ট ৫ বছর পর আপনাকে ফিরিয়ে দেওয়া হবে।
অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে
আপনি এখানে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম চালু করতে পারেন। এখানে প্রতি মাসে ইন্টারেস্ট নেওয়ার সুবিধা পান আমানতকারীরা। ফিক্সড ডিপোজিটের সুবিধার মতোই এখানে পাওয়া যায় মান্থলি ইনকাম। আপনি চাইলে এখানে যৌথভাবে অ্য়াকাউন্ট খুলতে পারবেন। তবে আপনার বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।
মেয়াদ শেষ হওয়ার আগে অ্য়াকাউন্ট বন্ধ করলে..
পোস্ট অফিস MIS স্কিমের পুরো মেয়াদ ৫ বছর। তবে কিছু ক্ষেত্রে এই মেয়াদের আগেও টাকা তোলা যেতে পারে। সেই ক্ষেত্রে স্কিমের রুল মেনে আপনার টাকা কাটা হবে। তাই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের আগে পুরো স্কিমের বিষয়ে জেনে নিন। এখন সরকারি এই স্কিমে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। তবে আগামী দিনে এই রেট বদলাতেও পারে।
আরও পড়ুন : এক বছরে দ্বিগুণ করে দিয়েছে টাকা, এই ৫ মিউচুয়াল ফান্ডের নাম জানেন ?
