কলকাতা : নির্বাচনের আগে থেকেই বিজেপি বার বার নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে মন্তব্য করে এসেছে। সরকারে আসলে এই বিষয়টি নিয়ে তারা কড়া পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেয়। এবার এই আশ্বাস পূরণের সময়। বাংলায় বিজেপি সরকার গঠন করার পর RG কর কাণ্ড নিয়ে ফের খাতা খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ” RG করের যে ঘটনা ঘটেছিল, তাতে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া। সঠিক পদ্ধতিতে FIR ও ইনভেস্টিগেশন না করা, যেটা পুলিশের করা উচিত ছিল, সেই বিষয়গুলো দেখা। কিন্তু আমরা মূল তদন্তের অংশে যাব না, কারণ সেটা CBI দেখছে।” ”আমরা শুধু মাত্র পূর্বের সরকারের যে লোকরা ছিল বিশেষ করে পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, ”সবচেয়ে বড় অভিযোগ যেটা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে নির্যাতিতার মায়ের পক্ষ থেকে ২ জন পুলিশ কর্তা সরকারের পক্ষ থেকে টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে। কিন্তু আমরা মনে করি, এই তদন্ত করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পুলিশ কর্তাদের সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনও স্বচ্ছ হতে পারে না।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, ”ঘটনার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া, টাকা দেওয়া, এই সব দিকটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর পারিপার্শিক যা আছে, যেমন ফোন-এর কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো সব বার করা হবে। তখন যারা অফিসার ছিলেন তাঁদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী তাদের কোনও নির্দেশ ছিল কিনা সব বার করা হবে।”
শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দেন, ”আমরা শুধু ঘটনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া, পরিবারকে টাকার অফার করা, আর একজন DC’র সাংবাদিক বৈঠকের সময় যে ভাবে তাঁর আচরণ ছিল, তা রাজ্যের জন্য সুখকর নয়। উনি কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না। উনাকে RG কর নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনও কাগজে দায়িত্ব দেয় নি। কেউ মুখে বলতে পারে। সেটা কল রেকর্ডে বোঝা যাবে। কিন্তু তাঁর যে বক্তব্যের ভাষা, সেটা নারী সমাজ, মাতৃ শক্তির জন্য ঠিক না।”
‘আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল’ জানালেন মুখ্যমন্ত্রী। তাই সব বিষয় খতিয়ে দেখার পর, RG কর কাণ্ড নিয়ে তিন জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড হলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত’। এঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করবে রাজ্য এ কোথাও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
