West Bengal Election: ইসলামপুরে যুবকের রহস্যমৃত্যু, মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু চাপানউতোর


উত্তর দিনাজপুর, ইসলামপুর : ভোটের ২ দিন আগে ইসলামপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। মৃত যুবকের নাম নুর আজম, বয়স ২৫ বছর। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরের নেহালপুরে। পরিবারের দাবি, সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন নুর আজম। বিকেলে বাড়ি ফিরে অসংলগ্ন কথা বলতে থাকেন তিনি। নিজেরই বাড়িঘর ভাঙতে শুরু করেন। এরপর আচমকা অচৈতন্য হয়ে পড়ায় তাঁকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এদিকে মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে সিপিএম-এর দাবি, তাদেরই দলের সঙ্গে যুক্ত ছিলেন মৃত যুবক। এমনকী, মনোনয়ন জমা করার দিনও সিপিএম প্রার্থী সামি খানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। পাল্টা তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের দাবি, নুর আজম তৃণমূলের BLA 2 ছিলেন। যদিও কোনও রাজনৈতিক কারণে খুন হননি তিনি। অন্যদিকে, মৃতের পরিবারের এক সদস্যের দাবি, সিপিএম-তণমূল কোনও দলের সঙ্গেই যুক্ত ছিলেন না তিনি। ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন করা হয়েছে তাঁকে। 

পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা ধস্তাধস্তি থেকেও হতে পারে বলে অনুমান। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের আরও দাবি, পরিবারের তরফে যে অভিযোগ জমা পড়েছে, তাতে অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কিন্তু তাদের কোনও রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। 

ভোটের মাত্র দুদিন আগে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পরিবারের তরফে উঠল খুনের অভিযোগ। এদিকে মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হল ধোঁয়াশা। মৃত যুবক নুর আজম তাদেরই দলের কর্মী বলে দাবি করল সিপিএম ও তৃণমূল। যা ঘিরে চাপানউতোর শুরু হয়েছে জেলা রাজনীতিতে। মৃতের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। মৃতের দাদার কথায়, ‘মনে হচ্ছিল ওকে কেউ কোনও বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছে অথবা অত্যাচার করেছে। পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল।’ 

আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ইসলামপুরের সিপিএম প্রার্থী সামি খান বলেছেন, ‘ও তো আমাদের পার্টি মেম্বার ছিল। আমার মনোনয়নেও গেছিল। আমাদের DYFI-এর কর্মীও ছিল। অনেক দিন আগে ওকে প্রেশার দিয়েছিল যে এগুলোতে যেও না। কে দিচ্ছে ও জানায়নি। যাই হোক শাসকদলের তরফ থেকেই নিশ্চয়ই দিচ্ছিল।’ অন্যদিকে, ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলছেন, ‘যে ছেলেটা খুন হয়েছে সে আমাদের BLA-2 ছিল। বুথ লেভেল এজেন্ট ছিল। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে অংশগ্রহণ করত। গতকালে শুনছিলাম নাকি সিপিএম এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। রাজনৈতিক কোনও বিষয় না এটা।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *