কলকাতা: বয়স মাত্র ২৭ বছর, না ফেরার দেশে চলে গেলে, তরুণ অভিনেত্রী অনন্যা রাজ (Ananya Raj)। ‘সেভেন আওয়ার্স টু গো’ (7 Hours to Go), ‘দ্য ফাইনাল এক্সিট’ (The Final Exit) এবং ‘ঘোস্ট’ (Ghost)-এর মতো সিনেমায় অভিনয় করেছেন অনন্যা। আজ অনন্য়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর পরিবারের তরফ থেকে একটি ছোট নোট শেয়ার করে নিয়ে বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে, জুলাই মাসের ১৫ তারিখেই পৃথিবীর মায়া কাটিয়ে, দূর দেশে পাড়ি দিয়েছেন অনন্যা রাজ। পরিবারের তরফ থেকে আরও জানানো হয়েছে, একটা দীর্ঘ সময় ধরে, শারীরিক ও মানসিক বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনন্যা, গোটা বিষয়টার সঙ্গেই লড়াই করছিলেন তিনি। চেষ্টা করছিলেন সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, একজন লড়াকু সৈনিকের মতোই লড়াই করে গিয়েছেন অনন্যা, তবে শেষরক্ষা হল না। ২৭ বছর বয়সেই থেমে গেল প্রতিভাবান এক অভিনেত্রীর জীবন।
কী জানানো হয়েছে অভিনেত্রীর পরিবারের তরফ থেকে?
পরিবারের তরফ থেকে একটি নোটের সঙ্গে একটি ছবি ও শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে অনন্যার একটি ছবি রেখে তাঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে। পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে, অনন্যার জন্য প্রার্থনা করতে, তাঁর আত্মা যেন শান্তি পায়, সেই প্রার্থনাই করতে বলেছেন অনুরাগীদের। ওই পোস্টে পাশাপাশি বলা হয়েছে যে, অনন্যা ছিলেন রানির মতো। তিনি যেন মৃত্যুর পরে শান্তি পান, সেই প্রার্থনাই করতে বলা হয়েছে অনুরাগীদের। পাশাপাশি আবেদন করা হয়েছে, এই শোক সামলে উঠতে পরিবারের কিছুটা সময় প্রয়োজন। অভিনেত্রীর পরিবারকে যেন কেউ বিরক্ত না করেন, প্রশ্ন না করেন। এই পোস্টের কমেন্টবক্স ও অফ রাখা হয়েছে। হিন্দি এবং আঞ্চলিক ছবিতে কাজ করেছেন অনন্যা রাজ। মুম্বইতে সিনেমার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা রাজ। ২০১৬ সালে প্রথম বলিউডে পা রাখেন তিনি। একাধিক তেলুগু ছবিতেও কাজ করেছিলেন অনন্যা রাজ। হয়তো আরও অনেক দুর্দান্ত অভিনয় ইন্ডাস্ট্রির প্রাপ্য ছিল তাঁর থেকে, তবে তা আর হল না।
আরও পড়ুন: Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
