সন্দীপ সরকার, কলকাতা: সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিরূপা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সৌরভ ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মাকে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী হয়েছে নিরূপা গঙ্গোপাধ্যায়ের?
একাধিক শারীরিক সমস্যা রয়েছে সৌরভ-স্নেহাশিসের মায়ের। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। সঙ্গে ত্বকে ব়্যাশ দেখা যায়। কোনও ঝুঁকি না নিয়ে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তারপরই নিরূপাদেবীকে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়।
প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘মায়ের শরীর কয়েকদিন ধরেই খারাপ ছিল। মঙ্গলবার শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, মায়ের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রয়েছে। আমাদের পারিবারিক চিকিৎসক ডক্টর শুভাশিস গঙ্গোপাধ্যায়ের অধীনে ভর্তি রয়েছে মা। সঙ্গে হার্ট স্পেশ্যালিস্ট আফতাব খানও দেখছেন মাকে।’ স্নেহাশিস জানালেন, ৭৭ বছর বয়স হয়েছে নিরূপা গঙ্গোপাধ্যায়ের। বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে।
এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়? পুত্রবধূ, স্নেহাশিসের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় বললেন, ‘মা এখন অনেকটাই সেরে উঠেছেন। আইসিইউ থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। চিকিৎসকেরাও সেই কথা জানিয়েছেন।’
আরও পড়ুন: ১০ হাজার রান করার পরেও আমাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল: সৌরভ
এর ঠিক ১৩ মাস আগে, গত বছরের অগাস্ট মাসেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নিরূপা গঙ্গোপাধ্যায়কে। সেবারও তাঁর ইউটিআই সংক্রমণ হয়েছিল। জ্বর, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইভি মারফত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল তাঁকে। দিনকয়েক পর সেরে উঠেছিলেন। বাড়ি ফিরেছিলেন। এবার ফের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল নিরূপা গঙ্গোপাধ্যায়কে।
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজ শুরু হওয়ার মুখে আচমকা চাকরি গেল ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্যের
CAB News : ‘নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?’, প্রশ্ন তুললেন রীতেশ
