
মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy)। কোলে এসেছে পুত্রসন্তান। আর ছেলের জন্মের খবর দেওয়ার পরেই, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ প্রেগন্যান্সির ফটোশ্যুট প্রকাশ্যে আনলেন সুস্মিতা।

তিনি যে সন্তানসম্ভবা, এই খবর গোপনেই রেখেছিলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন সুস্মিতা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রাখলেও, একেবারে তা উড়িয়ে দেননি অভিনেত্রী।

মার্চ মাসে বিবাহের খবর দিয়েছিলেন সুস্মিতা, জানিয়েছিলেন হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এবং তাঁর বন্ধু ও বিজনেস পার্টনার শুভাশিস। বন্ধুত্ব থেকেই একসঙ্গে কাজ শুরু, পরবর্তীতে জীবনে একসঙ্গে চলার সিদ্ধান্ত নেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন সুস্মিতা, সেখানে তাঁকে আগলে রেখেছেন শুভাশিস। সুস্মিতার বেবিবাম্পে লেখা, ‘বেবি বয়’। সোশ্যাল ছেলের নামও জানিয়েছেন সুস্মিতা, ছেলের নাম রেখেছেন, সিডো।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ।’

সদ্যোজাত পুত্রকে নিয়ে সুস্মিতা আরও লিখেছেন, ‘আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভালো মানুষ হয়ে উঠুক—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’

জীবনের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সুস্মিতা, তাঁর বিয়ে ভেঙেছে, হারিয়েছেন সন্তান ও। ২০১৯ সালে মিসক্যারেজ হয়ে গিয়েছিল সুস্মিতার। সেই খবর সোশ্যাল মিডিয়াতেও গোপন করেননি সুস্মিতা। তবে অবশেষে তাঁর স্বপ্নপূরণ, কোলে এল একরত্তি সন্তান।

এর আগে, সোশ্যাল মিডিয়ায় জীবনে নতুন সদস্য আসার খবর শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তার নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।’

সুস্মিতা আরও লিখেছিলেন, ‘এটা কোনও শারীরিক অক্ষমতার লড়াই ছিল না। ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গিয়েছে। তাই এবারের পথ চলাটা নীরবে আগলে রেখেছিলাম।’

সুস্মিতা আরও লিখেছেন, ‘গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল, সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।”
Published at : 09 Jul 2026 04:32 PM (IST)
